ফরিদপুরে ১৮ নভেম্বর শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩ নভেম্বর, ২০২৬ ৩:২৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ১৮ নভেম্বর শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় ফরিদপুরের কোমরপুরে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। কোমরপুরের পারচর ব্যাপারীবাড়ি শিবমন্দির প্রাঙ্গণে ‘পারচর সার্বজনীন মহানামযজ্ঞ উদ্‌যাপন কমিটি’র উদ্যোগে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে। স্বর্গীয় অনিল সাধু এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা।

আয়োজক সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর (বুধবার) রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। পরদিন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় আচার, ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। 

পরবর্তীতে ২০, ২১ ও ২২ নভেম্বর টানা তিন দিন (২৪ প্রহরব্যাপী) ভক্তদের কণ্ঠে মুখরিত হবে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। ২৩ নভেম্বর দিনব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের অপ্রাকৃত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করা হবে। 

সর্বশেষ ২৪ নভেম্বর (মঙ্গলবার) প্রত্যুষে কৃষ্ণভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, মহাপ্রভুর ভোগরাগ এবং সর্বস্তরের ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ ধর্মীয় মহোৎসবের সমাপ্তি ঘটবে।

এবারের উৎসবে ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, মাদারীপুর ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত কীর্তনীয়া ও শিল্পীবৃন্দ নামসুধা পরিবেশন করবেন। এছাড়া ভারত থেকে আগত বিশিষ্ট শিল্পী শ্রী সুকুমার শাস্ত্রী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। 

পারচর সার্বজনীন মহানামযজ্ঞ উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হয়ে এ পুণ্যময় অনুষ্ঠান সফল করার বিনীত আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।