আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৪ নভেম্বর, ২০২৬ ৩:৪৪ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদযাপন উপলক্ষে এক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (মিনি কনফারেন্স রুম) এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবলই বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাঁর অমর সৃষ্টিতে অন্যায়, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে যে বজ্রকণ্ঠ উচ্চারিত হয়েছে, তা আজও সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। 

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের মেধা ও মননে দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে নজরুলের সৃষ্টিকর্ম চর্চার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য ও জীবনাদর্শ পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।