পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ২ জনকে কুপিয়ে জখমসহ আহত ৫, আটক ১

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৪ নভেম্বর, ২০২৬ ৩:৪৮ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ২ জনকে কুপিয়ে জখমসহ আহত ৫, আটক ১

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে গুরুতর জখম করাসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর এলাকার শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব। আহতদের মধ্যে জিহাদ মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষ অপর পক্ষের এক কর্মীকে হাতুড়িপেটা করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সন্ধ্যায় এক পক্ষ অপর পক্ষের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মুহূর্তেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দুইজনকে কুপিয়ে জখম করাসহ মোট পাঁচজন আহত হন। 

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, “আমি বর্তমানে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি। তবে পিরোজপুরের বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হামলায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রাথমিকভাবে নাফিস নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।