চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

অনলাইন ডেস্কঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
শেয়ার করুন:
চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বর্তমান উপাচার্যকে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। 

জানা গেছে, চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চত্বর’ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত সাড়ে ১১টার দিকে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনে গিয়ে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বর্তমান উপাচার্যকে স্বপদে বহাল রাখার একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, “দীর্ঘদিন পর আমরা একজন যোগ্য ও সত্যিকারের শিক্ষার্থীবান্ধব উপাচার্য পেয়েছিলাম। তিনি একাডেমিকসহ প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। অথচ কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই হঠাৎ তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো। অবিলম্বে তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।