বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি, যেভাবে করবেন আবেদন

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:২৭ এএম
শেয়ার করুন:
বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি, যেভাবে করবেন আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।

জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়লেও ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করা অনেকের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। এই দীর্ঘসূত্রতা কমিয়ে প্রক্রিয়াটিকে আরও কার্যকর করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। নতুন এই ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

নতুন পোর্টালে যেসব সুবিধা থাকছে

নতুন ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীরা ভিসা আবেদনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনলাইনেই সম্পন্ন করতে পারবেন:

অনলাইনে আবেদন ও নথি জমা: দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।
কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্ট ও বায়োমেট্রিক: নির্ধারিত দিনে উপস্থিত হয়ে কেবল বায়োমেট্রিক তথ্য প্রদান, ভিসা ফি পরিশোধ এবং মূল কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা যাবে।
আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ: ডিজিটাল পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা যেকোনো সময় তাঁদের ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
পরিবারসহ আবেদনের সুযোগ: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগও থাকছে।

জার্মান দূতাবাস আশা করছে, নতুন এই ব্যবস্থায় নথিপত্র যাচাইয়ের সময় কমবে এবং সামগ্রিক ভিসা প্রক্রিয়াকরণ আরও দ্রুত হবে। তবে আবেদনকারীর ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি ভেদে ভিসা প্রক্রিয়াকরণের সময়ে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে যাঁরা পুরোনো নিয়মে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় (Waiting List) নাম নিবন্ধন করেছিলেন, তাঁদেরও পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ, অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’-এ অ্যাকাউন্ট খুলে আবার আবেদনপত্র জমা দিতে হবে। 

এতে দীর্ঘদিন অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সাময়িক কিছুটা অসুবিধায় পড়তে হতে পারে। তবে কর্তৃপক্ষের মতে, নতুন এই পদ্ধতির ফলে আবেদন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং দূতাবাসের কাজ করার সক্ষমতা বাড়বে, যা ভবিষ্যতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সহায়তা করবে।

যেভাবে আবেদন করবেন

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আগ্রহী শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এ জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ধাপগুলো সম্পন্ন করতে হবে।

ভিসা আবেদনের ডিজিটাল পোর্টাল: [https://digital.diplo.de/](https://digital.diplo.de/)
জার্মান দূতাবাসের ওয়েবসাইট: [www.dhaka.diplo.de](http://www.dhaka.diplo.de)

আবেদনের নিয়মাবলি, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ঢাকার জার্মান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।