আলফাডাঙ্গায় টাইব্রেকারে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে বোয়ালমারী

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:৪১ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় টাইব্রেকারে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে বোয়ালমারী

‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত ‘ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’-এর সেমিফাইনালে জয় পেয়েছে বোয়ালমারী ফুটবল একাদশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এ ম্যাচে স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো মাঠ। নির্ধারিত সময়ে উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র থাকলে ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে টানটান উত্তেজনার পর ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে, শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিক আলফাডাঙ্গাকে।

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডা. মোহাম্মাদ শাহ আলম। তিনি বলেন, ‘যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বেল্লাল হোসাইন। তিনি বলেন, ‘মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।’

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন নানা বয়সী ক্রীড়াপ্রেমী। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ এবং টাইব্রেকারের শটে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ। সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে ম্যাচটিকে আরও উপভোগ্য করে তোলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।