নেছারাবাদে ৭ দেশের কারীদের অংশগ্রহণে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:৫৩ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে ৭ দেশের কারীদের অংশগ্রহণে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদে দেশ-বিদেশের প্রখ্যাত কারীদের সুমধুর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের খ্যাতনামা কারীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো সম্মেলনস্থল।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উস্তাজুল কুররা মরহুম হাফেজ কারী মো. সাঈদুর রহমান এবং রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে ‘হামিদা-সাঈদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে মিশর, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও বাংলাদেশের কারীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের কারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের কারী আব্দুল কবির হায়দারী, ইরানের কারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার কারী জোবায়ের বারদাঈ, ভারতের কারী হেদায়াতুল্লাহ ফোরকান এবং বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় পর্যায়ের হাফেজ ও কারীরাও সম্মেলনে তেলাওয়াত পরিবেশন করেন।

আয়োজকরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাঈদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীদের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার সুযোগ করে দেওয়া এবং মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও আল্লাহভীতি জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনে দেশ-বিদেশের কারীদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।