৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্কঃ
৪ নভেম্বর, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন:
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষাটি আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে পরীক্ষার নতুন কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। 

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন সময়সূচি কবে নাগাদ ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগের বিষয়টি বড় ভূমিকা রাখছে। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, "সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাঁরা নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে—স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।"

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালাটি অনুমোদন পাওয়ার পর সেই নির্দেশনা মেনেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং সার্বিক আয়োজন সম্পন্ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।