দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ১:৪৪ পিএম
শেয়ার করুন:
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো যোগসূত্র নেই। 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম *খালিজ টাইমস*-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কাবা শরিফের পূর্ব কোণে অবস্থিত ‘হাজরে আসওয়াদ’-এর কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিরাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই দুই বাংলাদেশি এবং তাঁদের এই কর্মকাণ্ডের কারণেই শাস্তি দেওয়া হয়েছে। তবে ‘দ্য হলি মস্কস’-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে জানানো হয়, প্রচারিত ভিডিওর সঙ্গে ওই দুই বাংলাদেশির কোনো সম্পর্ক নেই। ভিডিওটিকে কেন্দ্র করে ছড়ানো সব তথ্যই ভিত্তিহীন ও অপপ্রচার।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে তাঁদের নাম প্রকাশ করা হলেও সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ কিংবা ঘটনাটি কোন মসজিদে ঘটেছিল—তা উল্লেখ করা হয়নি। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুঞ্জন ও বিভ্রান্তি তৈরি হয়।

এদিকে, দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। তাঁদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগ, বিচারপ্রক্রিয়ার বিবরণ এবং রায় কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাসকে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী অবহিত করা হয়েছিল কি না—তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে এখনো সৌদি সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে ঢাকা।

সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, স্পর্শকাতর এ ধরনের ঘটনায় নির্ভরযোগ্য সূত্র ছাড়া সামাজিক মাধ্যমে কোনো ভিডিও বা অসত্য তথ্য প্রচার থেকে সবার বিরত থাকা উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।