১৫ বছরের অপেক্ষার অবসান: বিসিএস মৎস্য ক্যাডারে ৩৯৫ পদে নিয়োগের দুয়ার উন্মুক্ত

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
১৫ বছরের অপেক্ষার অবসান: বিসিএস মৎস্য ক্যাডারে ৩৯৫ পদে নিয়োগের দুয়ার উন্মুক্ত

দীর্ঘ দেড় দশকের প্রশাসনিক জটিলতা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মৎস্য ক্যাডারে ৩৯৫টি নতুন পদে নিয়োগের পথ উন্মুক্ত হয়েছে। ২০১১ সালে উপজেলা পর্যায়ে ‘মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা’র এসব পদ সৃষ্টি করা হলেও জনবল কাঠামোর আদেশ হালনাগাদ না থাকায় এতদিন সেগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে নতুন আদেশ জারির মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই পদগুলো মৎস্য ক্যাডারের আনুষ্ঠানিক কাঠামোতে অন্তর্ভুক্ত করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৫ শাখা থেকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৬’ জারি করা হয়। এর মাধ্যমে ক্যাডারের মোট পদসংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৭টি। যার মধ্যে মূল ক্যাডার পদ ১ হাজার ২৯৫টি এবং ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদ রাখা হয়েছে ৬২টি। 

নতুন এই আদেশের ফলে ক্যাডারের দীর্ঘদিন ধরে অমীমাংসিত পদগুলো একটি স্বয়ংসম্পূর্ণ কাঠামোর আওতায় এলো। এতে মৎস্য অধিদপ্তরের দীর্ঘদিনের তীব্র জনবলসংকট কাটার পাশাপাশি নতুন প্রার্থীদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হলো।

রহিত হলো ৪৬ বছরের পুরোনো বিধিমালা
এতদিন মৎস্য ক্যাডার পরিচালিত হচ্ছিল মূলত ১৯৮০ সালের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (অ্যাগ্রিকালচার: ফিশারিজ) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস’ অনুযায়ী। পুরোনো এই বিধিমালা রহিত করে নতুন আদেশে মৎস্য ক্যাডারের জন্য যুগোপযোগী ও স্বতন্ত্র একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে ক্যাডারের পদনাম, মোট পদসংখ্যা, নিয়োগ এবং জ্যেষ্ঠতা নির্ধারণের নতুন বিধান সংযোজন করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী উল্লেখযোগ্য পদসমূহ:
শীর্ষ পদ: মহাপরিচালক (১টি), অতিরিক্ত মহাপরিচালক (১টি), পরিচালক (১৫টি), উপপরিচালক (৩২টি)।
মাঠ ও জেলা প্রশাসন: জেলা মৎস্য কর্মকর্তা (৪৮টি), সিনিয়র সহকারী পরিচালক (৯৯টি), সহকারী পরিচালক (৩৩টি)।
উপজেলা পর্যায়: সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (২৪৫টি), উপজেলা মৎস্য কর্মকর্তা (২৪৭টি) এবং মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা (৩৯৫টি)।
গবেষণা ও কারিগরি: উপসহকারী পরিচালক (৬৬টি), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (৮টি) ছাড়াও গবেষণা, কোয়ারেন্টাইন, মাননিয়ন্ত্রণ ও প্রশিক্ষণসংশ্লিষ্ট বিভিন্ন পদ এই নতুন কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছে।

‘এটি মৎস্য ক্যাডারের জন্য একটি মাইলফলক’
এ অগ্রগতিকে মৎস্য খাতের জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিসিএস মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে ৩৯৫টি পদ নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া আমাদের অধিদপ্তর এবং বিসিএস ক্যাডারের জন্য একটি বড় মাইলফলক। ২০১১ সালে সৃষ্টি হওয়া এই পদগুলো দীর্ঘ ১৫ বছর ধরে আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাঠামোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তা বাস্তবায়ন করেছে।” এ উদ্যোগের সঙ্গে যুক্ত সরকারের শীর্ষ পর্যায়, মন্ত্রণালয় এবং পিএসসির সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মাঠপর্যায়ে মৎস্যসেবায় আসবে গতি
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, উপজেলা পর্যায়ে ৩৯৫ জন নতুন কর্মকর্তা যুক্ত হলে মাঠপর্যায়ে সরকারি মৎস্য সম্প্রসারণ কার্যক্রম বহুগুণ শক্তিশালী হবে। তৃণমূলের মাছচাষিরা আধুনিক প্রযুক্তি, রোগবালাই নিয়ন্ত্রণ ও উন্নত চাষপদ্ধতি সম্পর্কে তাৎক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। এর ফলে দেশের মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছের সরবরাহ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে।

পদসংখ্যার বিবর্তন: ১৯১ থেকে ১,৩৫৭
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে অনুমোদিত জনবল কাঠামোতে মৎস্য ক্যাডারের পদ ছিল মাত্র ১৯১টি। ১৯৯১ সালের আদেশে তা বেড়ে দাঁড়ায় ৫৬৯টিতে। এরপর বিভিন্ন সময়ে পদ বাড়লেও কাঠামোগত আদেশের অভাবে নিয়োগে স্থবিরতা তৈরি হয়েছিল। বর্তমানে এ ক্যাডারে কর্মরত কর্মকর্তার সংখ্যা ৭২৬ জন। নতুন আদেশের মাধ্যমে পদসংখ্যা ১ হাজার ৩৫৭টিতে উন্নীত হওয়ায় প্রশাসনিক সব শূন্যতা দূর হলো।

নিয়োগ ও জ্যেষ্ঠতার নতুন নিয়ম
নতুন আদেশে বলা হয়েছে, মৎস্য ক্যাডারে কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর্যায়ে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের মেধাক্রম অনুযায়ী। নিয়োগের শর্তাবলীতে ১৯৮১ সালের বিসিএস নিয়োগবিধি এবং ২০১৪ সালের সরাসরি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিধিমালা বহাল থাকবে। এছাড়া পূর্বের বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সুযোগ-সুবিধা, পদোন্নতি ও জ্যেষ্ঠতা সুরক্ষিত থাকবে। 

প্রশাসনিক এই যুগান্তকারী আদেশের ফলে মৎস্য ক্যাডারের ভিত্তি যেমন সুসংহত হলো, তেমনি দেশের সম্ভাবনাময় মৎস্য খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।