‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’

অনলাইন ডেস্কঃ
২৭ নভেম্বর, ২০২৬ ২:২২ পিএম
শেয়ার করুন:
‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’

অতীতের তিক্ততা পেছনে ফেলে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এক নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় স্পিকার দুই দেশের দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তান সফরকে একটি ‘স্মরণীয় অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ককে অর্থবহ ও গতিশীল করতে ব্যবসায়ী সম্প্রদায়ের সরাসরি যোগাযোগ বৃদ্ধি করা জরুরি। 

বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, লাহোরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর সরাসরি সংযোগ স্থাপন, উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময় এবং ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি আরও বাড়ানো সম্ভব।

সভায় স্বাগত বক্তব্যে এলসিসিআই সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান। তিনি বাংলাদেশের দ্রুত শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের এই উন্নয়ন অভিজ্ঞতা থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরদার উসমান ঘানি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এলসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সফররত সংসদীয় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ এলসিসিআইয়ের বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।