গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

অনলাইন ডেস্কঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম
শেয়ার করুন:
গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা এক্সপ্রেস’-এর সরাসরি রেলসেবা থেকে বঞ্চিত হবেন এ অঞ্চলের যাত্রীরা।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে। 

রেলওয়ের চিঠিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর থেকে অনিবার্য কারণে ৮২৫/৮২৬ নম্বর ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ৮২৭/৮২৮ নম্বর ‘রূপসী বাংলা এক্সপ্রেস’-এর চলাচল নিয়মিত বাতিল করতে হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দিতে হচ্ছে, যা রেলের আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীভোগান্তি ও প্রশাসনিক জটিলতা তৈরি করছে। 

এই পরিস্থিতিতে খুলনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ট্রেনের রেকের (বগি) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটির রেক ব্যবহার করে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে খুলনা-ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে। নতুন রুটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে পোড়াদহ, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছাবে। 

প্রস্তাবিত সময়সূচি
ট্রেন নম্বর ২০০০৩: সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রেন নম্বর ২০০০৪: বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। 

যাত্রাবিরতির স্টেশনসমূহ
নতুন রুটে ট্রেনটি যেসব স্টেশনে থামবে— দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, নতুন রুটের এই ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে থেকেই বিক্রির ব্যবস্থা রাখা হবে।

রেলওয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের যাত্রীদের ঢাকায় যাতায়াতের জন্য বিকল্প রুট বা সড়কপথের ওপর নির্ভর করতে হবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি এখনো একটি প্রস্তাবনা পর্যায়ে রয়েছে; মহাপরিচালকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নতুন রুট ও সময়সূচি কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।