নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১:১৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি যোগ দিতে পারেননি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বিজ্ঞানসম্মত ও আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও করণীয় বিষয় তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও উন্নত জাতের পশুপাখি পালনের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানিমুখী করে তোলা সম্ভব হবে।

আলোচনা সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত আলী শরিফ। 

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।