নতুন ধানের ঘ্রাণে মুখরিত ক্যাম্পাস: খুকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কৃষি দিবস ও নবান্ন উৎসব’

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
২২ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
শেয়ার করুন:
নতুন ধানের ঘ্রাণে মুখরিত ক্যাম্পাস: খুকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কৃষি দিবস ও নবান্ন উৎসব’

হেমন্তের সোনাঝরা মিষ্টি রোদ, বাতাসে নতুন ধানের ম-ম ঘ্রাণ আর গ্রামবাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠেছিল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ক্যাম্পাস। কৃষির সমৃদ্ধ ঐতিহ্য ও শাশ্বত গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘কৃষি দিবস ও নবান্ন উৎসব’।

শনিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে এবং সাংস্কৃতিক সংগঠন ‘নবাঙ্কুর’-এর আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি গ্রামীণ আবহে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ অনুষঙ্গের পসরা সাজানো হয়।

সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ; ইট-পাথরের ক্যাম্পাস যেন পরিণত হয় একখণ্ড শস্য-শ্যামল গ্রামবাংলায়। অগ্রহায়ণের নতুন ধানের চালের পায়েস, বাহারি পিঠাপুলি আর ঐতিহ্যবাহী দেশীয় খাবারের আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। আয়োজনের প্রতিটি পরতে ফুটে ওঠে কৃষকের ঘামঝরা শ্রমের প্রতি শ্রদ্ধা এবং ঘরে নতুন ফসল তোলার অনাবিল আনন্দ।

উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের জাতীয় অর্থনীতি, টেকসই উন্নয়ন ও খাদ্যনিরাপত্তায় কৃষির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, "কৃষক আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের মাথার ঘাম পায়ে ফেলা নিরলস পরিশ্রমের ফলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।"

বক্তারা আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটিয়ে কৃষির আধুনিকায়নের পাশাপাশি চিরায়ত কৃষি ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কৃষিবিদদের মাটির শেকড় ও লোকজ সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজক সংগঠন ‘নবাঙ্কুর’ জানায়, কৃষির বহুমাত্রিক গুরুত্বকে সবার সামনে তুলে ধরা, দেশের অর্থনীতিতে কৃষকের ঘামঝরা অবদানকে সম্মান জানানো এবং আধুনিক জীবনযাত্রার সঙ্গে গ্রামীণ সংস্কৃতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, কৃষিশিক্ষা ও আধুনিক গবেষণার পাশাপাশি আবহমান বাংলার লোকজ সংস্কৃতি চর্চায় খুকৃবির এ উদ্যোগ আগামী দিনেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।