এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত সরকারের আমলের অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনার তীব্র সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত।” তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে নগরকান্দার রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড এলাকায় উপজেলা যুবদল আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
বক্তব্যে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে কেউ দেশ ছাড়তে বাধ্য করেনি, তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন। পলাতক নেতার দেশে ফেরার আশায় যারা এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের রাজপথে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এ সময় তিনি মাঠে থাকা নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের পাশে বর্তমান সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি দল-মত নির্বিশেষে সবার কল্যাণে নিবেদিত বলেও তিনি মন্তব্য করেন।
থানা ও হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ নিজেদেরই সম্পদ; তা পুড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের তাণ্ডব অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা ও তাঁর সরকারের জ্যেষ্ঠ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন। ভবিষ্যতে দেশে ফিরলে আন্তর্জাতিক আদালতে দায়ের হওয়া মামলায় আসামি হিসেবেই তাঁদের ফিরতে হতে পারে এবং অপরাধের জন্য সাজা ভোগ করতে হবে। এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজমুল হুসাইন রাজুর সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহাবুব আলী মিঞা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সমাবেশকে ঘিরে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।
অক্টোবর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।