দৌলতপুরে আশ্রয় নেওয়া নেপালি যুবক রিয়ান ৫ বছর পর ফিরছেন পরিবারের কাছে

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২১ নভেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে আশ্রয় নেওয়া নেপালি যুবক রিয়ান ৫ বছর পর ফিরছেন পরিবারের কাছে

প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা নেপালি যুবক রিয়ান আনসারী অবশেষে তাঁর নিজ পরিবারের কাছে ফিরছেন। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের যৌথ উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাঁর।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান। রিয়ানের পরিবারের সদস্যরা বর্তমানে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় নেপাল দূতাবাস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন ও ভবঘুরে অবস্থায় দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন রিয়ান। সে সময় ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাঁকে আশ্রয় দেন। এরপর থেকেই পরিবারের একজন সদস্যের মতো রিয়ানের দেখাশোনা করে আসছিলেন তিনি। চলতি বছরের জুলাই মাসে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ওই নম্বরে যোগাযোগের মাধ্যমে তাঁর পরিবারের সন্ধান মেলে এবং তখন থেকেই স্বজনদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ চলছিল।

আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, “প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছে ছিল। পরিবারের সদস্যের মতোই তাকে আগলে রেখেছিলাম। শুরুর দিকে তার ভাষা বুঝতে বেশ কষ্ট হতো, তবে এখন সে কিছুটা বাংলা বলতে পারে। গত জুলাইয়ে পরিবারের একটি ফোন নম্বর দেওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ হয়। এরপর থেকে প্রতিদিন চার-পাঁচবার পরিবারের সঙ্গে কথা বলতে চাইত সে। স্বজনদের কাছে ফিরতে পেরে রিয়ান যেমন খুব খুশি, তেমনি তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমারও আনন্দ হচ্ছে। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে মায়া পড়ে যাওয়ায় কিছুটা খারাপও লাগছে।”

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, যুবকটি দীর্ঘদিন ধরে এ এলাকায় ছিল। শনিবার দুপুরের দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা এসে তাঁকে নিয়ে গেছেন।

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, “সরকারি উদ্যোগে আমরা তাঁকে নিতে এসেছি। তাঁর পরিবারের সদস্যরা বাংলাবান্ধা সীমান্তে অবস্থান করছেন। সেখানেই তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন, “সকল সরকারি নিয়ম ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ওই যুবককে তাঁর নিজ দেশ নেপালে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

দীর্ঘদিন পর রিয়ানের নিজ স্বজনদের কাছে ফিরে যাওয়ার খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। পাশাপাশি, বছরের পর বছর একজন ভিনদেশি অসহায় যুবককে আশ্রয় দিয়ে পরিবারের সদস্যের মতো লালন-পালন করায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পলাশ আহমেদ—এমনটাই মনে করছেন এলাকাবাসী। তাঁর এই মহৎ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।