পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২১ নভেম্বর, ২০২৬ ৪:১৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

পিরোজপুরে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের টাউন ক্লাব থেকে ব্যান্ডের তালে তালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।