যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ৯:২৬ পিএম
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের সুপারিশ করা হয়েছে। শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি সড়কটির নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) করার প্রস্তাব দিয়েছে।

২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এ সংক্রান্ত একটি অধ্যাদেশ উত্থাপন করেন। পরবর্তীতে প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের জন্য পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে প্রস্তাবটি সিটি কাউন্সিলে পাসের সুপারিশ করা হয়েছে।

সড়কের অবস্থান ও বাংলাদেশের সঙ্গে বিশেষ সংযোগ
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ—যা ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী স্থানে এবং বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত—সেটির নামকরণ করা হবে বেগম খালেদা জিয়ার নামে। 

সড়কটির অবস্থান নির্বাচনের পেছনে বাংলাদেশের সঙ্গে শিকাগোর একটি ঐতিহাসিক সংযোগকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্বে ‘সিয়ার্স টাওয়ার’ নামে পরিচিত উইলিস টাওয়ার শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। এই ভবনের নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রখ্যাত প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের যুগান্তকারী অবদানের কথা অধ্যাদেশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তাঁর উদ্ভাবনী প্রকৌশলকাজ আধুনিক শিকাগোর আকাশসীমা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অধ্যাদেশে খালেদা জিয়ার অবদান ও রাজনৈতিক উত্তরাধিকার
অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে। 

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান ও জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অবিচল অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান। পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে, বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নীতি চালুর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর সরকারের অবদানের প্রশংসা করা হয়।

অধ্যাদেশে আরও বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেও গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি এক ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর ছেলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে এতে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে তাঁর সেই উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রবাসীদের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার ভূমিকার পাশাপাশি শিকাগোসহ পুরো যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানেরও স্বীকৃতি দেওয়া হয়েছে এই অধ্যাদেশে। এতে আশা প্রকাশ করা হয়, এই সম্মানসূচক নামকরণ গণতন্ত্র, শিক্ষা ও জনসেবায় তাঁর অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে এবং শিকাগো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পরবর্তী প্রক্রিয়া
প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় সড়কটির নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শহরের পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে শিকাগো সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন এবং গেজেট আকারে প্রকাশের প্রয়োজন হবে।

সূত্র: শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।