টঙ্গিবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ২

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৩:১৩ পিএম
শেয়ার করুন:
টঙ্গিবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ওই গ্রামের হাকিম মল্লিক (৩০) ও তাঁর মা মাকসুদা বেগম (৫৫)। তাঁদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রোববার রাতেই ভুক্তভোগী হাকিম মল্লিক বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আওলাদ সরদার, মেহেদী সরদার, রুহেল সরদার, জুনায়েদ সরদার, বিজয় সরদার, ইমন সরদার, মুকুল সরদার, আশিক সরদার, মো. হযরত ও ফরিদা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে আমিন উদ্দিন মল্লিকের একটি ছাগল প্রতিবেশী আওলাদ সরদারের কাঁঠালগাছের পাতা খেয়ে ফেলে। সে সময় হাকিম মল্লিক বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে আওলাদ সরদার ও তাঁর লোকজন ছাগল বেঁধে রাখতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আওলাদ সরদারের লোকজন লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হাকিম মল্লিকের বাড়িতে হামলা চালায়। 

হামলাকারীরা হাকিম মল্লিকের ঘরের দরজা ও জানালার কপাট ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে। এ সময় ছেলেকে বাঁচাতে মা মাকসুদা বেগম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের সময় হামলাকারীরা মাকসুদা বেগমের নাকে থাকা প্রায় সাত হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী হাকিম মল্লিক অভিযোগ করে বলেন, ‘আওলাদ সরদারের হুকুমে ২৫ থেকে ৩০ জন লোক আমাকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মারধর ও ভাঙচুর চালিয়েছে। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

তবে অভিযোগের বিষয়ে আওলাদ সরদার বলেন, ‘হাকিম মল্লিক আমার প্রতিবেশী। তাঁর গরু ও ছাগল প্রতিদিন আমার বাড়ির গাছপালা খেয়ে নষ্ট করে। এ ছাড়া গরু-ছাগলের দুর্গন্ধে বাড়ির লোকজন বসবাস করতে পারছে না। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।’

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম আহমেদ জানান, ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।