কলা-সুপারি চুরির অপবাদে বৃদ্ধকে মারধর, গলায় ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন:
কলা-সুপারি চুরির অপবাদে বৃদ্ধকে মারধর, গলায় ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে কলা ও সুপারি চুরির অপবাদে রুহুল আমিন (৭৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ও হতদরিদ্র বৃদ্ধকে মারধরের পর গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। 

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। সোমবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন বৃদ্ধ রুহুল আমিন। পরদিন সোমবার সকালে এলাকাবাসী জড়ো হয়ে তাঁকে শাস্তি দেওয়ার দাবি তোলে।

অভিযোগ উঠেছে, এ সময় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই বৃদ্ধকে মারধর করেন। এরপর তাঁর কোমরে তালা ঝুলিয়ে এবং গলায় ওই কলা ও সুপারি বেঁধে পুরো গ্রাম ঘোরানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দীন দাবি করেন, রুহুল আমিন গ্রামে প্রায়ই এ ধরনের চুরি করেন। এর আগেও এলাকাবাসী তাঁকে কয়েকবার আটক করে থানায় দিয়েছিল এবং তিনি নিজেই সুপারিশ করে তাঁকে ছাড়িয়ে এনেছিলেন। রোববার রাতে পুনরায় ধরা পড়ার পর উৎসুক জনতার দাবির মুখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে এভাবে গ্রাম ঘোরান বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, "রুহুল আমিন একজন মানসিকভাবে অসুস্থ ও চরম দরিদ্র মানুষ। অভাবের তাড়নায় তিনি মাঝেমধ্যে না বলে মানুষের গাছের কলা, কচু বা সুপারি নিয়ে যান। এমন সামান্য বিষয়ে তাঁর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি।"

চেয়ারম্যান আরও জানান, ঘটনাটি জানার পর ওই বৃদ্ধের বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তদন্তের জন্য ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।" ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।