দায়িত্ব পালনে সাহসিকতার স্বীকৃতি: জেলা পুলিশের সম্মাননা পেলেন আগৈলঝাড়ার ওসি মাসুদ খান

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৭ নভেম্বর, ২০২৬ ১১:১৯ এএম
শেয়ার করুন:
দায়িত্ব পালনে সাহসিকতার স্বীকৃতি: জেলা পুলিশের সম্মাননা পেলেন আগৈলঝাড়ার ওসি মাসুদ খান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা এবং বড় ধরনের ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধারে সাহসিকতার স্বীকৃতি হিসেবে আবারও জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। 

সম্প্রতি বরিশালের পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননাপত্র ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, অদম্য সাহস ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনে আমি জীবন দিতেও প্রস্তুত। গায়ে যখন সরকারি পোশাক জড়িয়েছি, তখন দেশের ও জনগণের স্বার্থে যেকোনো ঝুঁকি নিতে আমি সর্বদা প্রস্তুত।”

অতীতের প্রতিকূল পরিস্থিতির কথা স্মরণ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “অতীতে থানায় হামলা চালিয়ে আমার মনোবল ভেঙে দেওয়ার নানা অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো বাধা বা রক্তচক্ষু আমাকে দায়িত্বের পথ থেকে একচুলও টলাতে পারেনি। ভবিষ্যতেও যত বাধাই আসুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করব না।”

ওসি মাসুদ খানের এমন বক্তব্য তাঁর কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের উজ্জ্বল প্রমাণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সহকর্মীদের মতে, জেলা পুলিশের এই স্বীকৃতি শুধু ওসি মাসুদ খানকেই নয়, আগৈলঝাড়া থানা পুলিশের প্রতিটি সদস্যকে জনসেবায় আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। 

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।