আগৈলঝাড়ায় মুখরিত শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীদশহরা মেলা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৩:০৬ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মুখরিত শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীদশহরা মেলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ‘লক্ষ্মীদশহরা মেলা’। প্রতি বছরের মতো এবারও লক্ষ্মী পূজার দশহরা তিথি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় আশপাশের বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে ছুটে আসা হাজারো মানুষের ঢল নামে। গ্রামীণ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের টানে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য ছিল নাগরদোলা, দোলনা, খেলনা, বাঁশি ও রঙিন বেলুনসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। তবে মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী কাঠের তৈরি খাট-পালংসহ বিভিন্ন নজরকাড়া আসবাবপত্র। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছিলেন রকমারি মিষ্টি, মুখরোচক খাবার, পোশাক, গৃহস্থালি সামগ্রী এবং দেশীয় হস্তশিল্পের পণ্যের। পছন্দের জিনিস কেনার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন সব বয়সী মানুষ।

মন্দির ও মেলা পরিচালনা কমিটির সদস্য দিলিপ কুমার বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে গৈলার এই মাঠে মেলাটি আয়োজিত হয়ে আসছে। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সব মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সামাজিক মেলবন্ধনের অন্যতম বড় ক্ষেত্র।”

মেলা চলাকালে স্থানীয় প্রশাসনের তৎপরতা ও সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে উৎসব সম্পন্ন হয়েছে। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেলায় আসা দর্শনার্থী ও এলাকাবাসী। 

বিএনপি’র গৈলা ইউনিয়ন শাখার আহ্বায়ক ও উপজেলা যুগ্ম আহ্বায়ক এনায়েত খান (মনু) বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিরাপত্তার কারণে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেলা ও ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পেরেছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মেলায় অংশ নেওয়া স্থানীয় এক ব্যবসায়ী জানান, “প্রতি বছরই এ মেলায় দোকান দিই। এখানে শুধু ব্যবসাই হয় না, বহু পুরনো ক্রেতা ও মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। তবে এবার গত বছরের তুলনায় মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল, বিক্রিও হয়েছে আশানুরূপ।”

আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ উৎসব হারিয়ে যেতে বসলেও, আগৈলঝাড়ার শতবর্ষী এই লক্ষ্মীদশহরা মেলা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে আজও তার নিজস্ব জৌলুস বজায় রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।