হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ৪:২৫ পিএম
শেয়ার করুন:
হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। 

নিহত আলম শেখের বাড়ি রাজধানীর রূপনগর এলাকায়। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এতে সেখানে ভর্তি থাকা শিশুদের স্বজনদের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে স্বজনরা তার কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় একদল লোক তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে আনে এবং এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, নিহতের পরিচয় শনাক্তের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা এলে তাদের সাথে কথা বলে এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।