কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ: শতাধিক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

জাহিদ, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১:২১ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ: শতাধিক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পৌর এলাকার কয়েকটি স্থানে এ সংঘর্ষ চলে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ উত্তেজনাকর পরিস্থিতিতে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে উপজেলা তাঁতী দলের সদস্যসচিব বিপ্লবসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়টিকে কেন্দ্র করে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছবাজার হয়ে উপজেলা সদরের দিকে অগ্রসর হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা মিছিল নিয়ে মাঠে নামেন। 

একপর্যায়ে কালকিনি মাছবাজার ও থানার মোড় এলাকায় উভয় পক্ষ মুখোমুখি হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় দফায় দফায় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ ও রণক্ষেত্রের রূপ দেখে মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিষয়ে কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, কোনো ধরনের সংঘাত চাই না। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 

এদিকে, আকস্মিক এ সংঘর্ষ ও ব্যাপক বোমা বিস্ফোরণের ঘটনায় কালকিনি পৌরবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা পৌর এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।