কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৬ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে পানছড়ি যুব সংঘকে ৫ গোলে উড়িয়ে দিল সেতু বন্ধন যুব সংঘ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে শুরু হয়েছে ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পানছড়ি যুব সংঘ ক্লাবকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে সেতু বন্ধন যুব সংঘ।

সেতু বন্ধন যুব সংঘের আয়োজনে রাইখালীতে এই ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের নির্ধারিত ম্যাচের প্রথমার্ধেই (প্রথম ৩০ মিনিটে) আক্রমণাত্মক ফুটবল খেলে পানছড়ি যুব সংঘের জালে ৩টি গোল আদায় করে নেয়

সেতু বন্ধন যুব সংঘ। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে আরও ২টি গোল করলে ৫-০ গোলের একচেটিয়া জয় নিশ্চিত করে সেতু বন্ধন যুব সংঘ। ম্যাচজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মো. জিসান।

এর আগে ফুটবলে কিক করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উথোয়াইমং মারমা যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত এমন আয়োজনের ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম মেম্বার।

​ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

​খেলাটি পরিচালনা করেন ভাবলু মারমা এবং সহকারী রেফারি (লাইন্সম্যান) হিসেবে দায়িত্ব পালন করেন মো. রিফাত ও রনি মারমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানু মিঞা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।