অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১০:৩১ পিএম
শেয়ার করুন:
অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা

ফরিদপুর সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটা দুটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এগুলোর যাবতীয় কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুরারীদাহ ও তাম্বুলখানা এলাকায় অবস্থিত ‘মেসার্স মন্ডল ট্রেডার্স’কে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা এবং ফতেপুর ও শিবরামপুর এলাকার ‘এফ অ্যান্ড বি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকেই আদায় করা হয়েছে জরিমানার অর্থ। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এতে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন জেলা আনসার সদস্যরা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলার সব অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।