রুমার দুর্গম ৭ পাহাড়ি গ্রামে সেনাবাহিনীর মানবিক সহায়তা

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
২৭ নভেম্বর, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
রুমার দুর্গম ৭ পাহাড়ি গ্রামে সেনাবাহিনীর মানবিক সহায়তা

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের ম্রো ও খুমি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা বিস্তার ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রুমা জোনের (৩৬ বীর) উদ্যোগে দুর্গম সাতটি পাহাড়ি পাড়ায় বসবাসরত সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে সোলার সিস্টেম, সুপেয় পানির ট্যাংক, পাইপ এবং ক্রীড়াসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রুমা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে উপস্থিত থেকে সামগ্রী হস্তান্তর করেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি (বার), পিএসসি, অধিনায়ক, ৩৬ বীর।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় চাহিদা বিবেচনা করে বিভিন্ন পাড়ায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে:
পুরোনো নোকো পাড়ায়: ২ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক, সিকিউরিটি লাইট ও সোলার সিস্টেম।
এনো পাড়ায়: স্থানীয় বিদ্যালয়ের জন্য আলমারি, নিরাপত্তার জন্য সিকিউরিটি লাইট, সোলার সিস্টেম এবং পাড়াবাসীদের ব্যবহারের জন্য পানির পাইপ।
প্রংফুং পাড়া, মেনরুই পাড়া ও নতুন নোকো পাড়ায়: রাতে আলোর সুবিধা নিশ্চিত করতে টেকসই সোলার সিস্টেম ও সিকিউরিটি লাইট।
কেউতাই ও খুলিয়ান পাড়ায়: স্থানীয় তরুণদের সুস্থ বিনোদনে উৎসাহিত করতে ফুটবল, ভলিবল ও নেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমা সদর ইউনিয়নের দুর্গম এনো পাড়ায় শতাধিক মানুষের বসবাস। গ্রামটিতে ৩৮ জন শিক্ষার্থী নিয়ে চলছে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এলাকাটিতে সুপেয় পানির তীব্র সংকটসহ নানা নাগরিক সুবিধার অভাব ছিল। 

সহায়তা পেয়ে এনো পাড়া স্কুলের শিক্ষক মেনওয়াই ম্রো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য একটি আলমারি এবং পাড়াবাসীদের সুপেয় পানির সংকট দূর করতে পাইপ দেওয়া হয়েছে। এছাড়া জোন কমান্ডার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদানেরও আশ্বাস দিয়েছেন। এমন মানবিক উদ্যোগের জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

অন্যদিকে, পুরোনো নোকো পাড়ার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, দুর্গম পাহাড়ি পথ বেয়ে আগে পানির জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রবীণদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে সেনাবাহিনীর দেওয়া বড় পানির ট্যাংক স্থাপন করায় সুপেয় পানির সংকট ঘুচবে। পাশাপাশি সোলার সিস্টেমের কারণে রাতের বেলা শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

এ বিষয়ে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, “দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং থাকবে। এরই ধারাবাহিকতায় শিক্ষা সামগ্রী, সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও প্রয়োজনীয় গৃহস্থালি আসবাবপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের এ ধরনের মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বিশিষ্টজনদের মতে, দুর্গম পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনীর এমন বাস্তবমুখী উদ্যোগ কেবল মানুষের ভোগান্তিই দূর করছে না, বরং পাহাড়ে শান্তি, পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।