নওগাঁয় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ও মোবাইল ছিনতাই, বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৭ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ও মোবাইল ছিনতাই, বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জারভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়ামের বাবা নজরুল ইসলাম দেলুয়াবাড়ি বাজারে সবজি বিক্রি করে সংসার চালান। পড়াশোনা ছেড়ে দেওয়ায় উপার্জনের উদ্দেশ্যে সম্প্রতি সিয়ামকে একটি ব্যাটারিচালিত চার্জারভ্যান কিনে দেন তিনি। বৃহস্পতিবার সকালে সিয়াম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। 

শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড় থেকে সিয়ামের মরদেহ শনাক্ত করেন তার বাবা। নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা সিয়ামকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জারভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।