টঙ্গীবাড়িতে গ্রামীণ ব্যাংকের ফটকে দুর্বৃত্তদের আগুন, মোটরসাইকেল ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন:
টঙ্গীবাড়িতে গ্রামীণ ব্যাংকের ফটকে দুর্বৃত্তদের আগুন, মোটরসাইকেল ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকে (বাউন্ডারি গেট) কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেল এবং কাঠের তৈরি একটি বেঞ্চ আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টা থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল মোতালেব (৫০) রাত আনুমানিক ২টার দিকে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে ব্যাংকের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইরে বের হলে প্রধান ফটকের কাছে কেরোসিনের তীব্র গন্ধ পান। এ সময় তিনি ফটকের পাশে রাখা ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমানের ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের একটি মোটরসাইকেলের পেছনের অংশ এবং সংলগ্ন একটি কাঠের বেঞ্চ পোড়া অবস্থায় দেখতে পান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে টঙ্গীবাড়ির দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, "রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।