নেছারাবাদে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১১:১১ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ আহ্বান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ তামিম ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা কেবল কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। সমাজে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের মতো কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। 

বক্তারা আরও উল্লেখ করেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে আসতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তারা। 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।