মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

অনলাইন ডেস্কঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১২:১৭ পিএম
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত ১

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এ সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ ঘটনা ঘটে। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা এবং অপর বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত সপ্তাহেও তারা সংঘর্ষে জড়ায়।

বৃহস্পতিবার সকালে এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ ফের দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো এলাকায় ককটেল বিস্ফোরণ ও টানা গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষটি চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে গুলিতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহতের খবর হাসপাতালে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।