বান্দরবানে খ্রিষ্টান ধর্মযাজকদের সম্মেলনে সেনাবাহিনী: সম্প্রীতি ও আস্থার বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়

স্টাফ রিপোর্টারঃ
২২ নভেম্বর, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন:
বান্দরবানে খ্রিষ্টান ধর্মযাজকদের সম্মেলনে সেনাবাহিনী: সম্প্রীতি ও আস্থার বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে আন্তরিকভাবে শামিল হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বান্দরবানের প্রত্যন্ত থাইক্ষিয়ং পাড়ায় গত ২০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ মহাসম্মেলন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। 

সম্মেলনের বিভিন্ন আয়োজনে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া। এ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুদের মাঝে চকলেট এবং আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজনের অংশ হিসেবে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য ও সংগীতে অংশ নেওয়া স্থানীয় শিশু-কিশোর এবং শিল্পীদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এই মূলবোধকে ধারণ করে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্থানীয়দের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সেতুবন্ধন সুদৃঢ় রাখার পাশাপাশি এই জনপদে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।