আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্কঃ
২২ নভেম্বর, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁর জায়গায় পাবনা সদর সার্কেল অফিসের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাতেই তাঁকে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখায় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই দিন একটি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল বের করেন। এর প্রতিবাদে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের বিষয়ে পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে হতাহতের খবর শোনা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।