বিলাইছড়িতে বিজিবির অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:৩৭ পিএম
শেয়ার করুন:
বিলাইছড়িতে বিজিবির অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ৪১ বিজিবির আওতাধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের 'জিগজ্যাগ মোড়' এলাকায় অভিযান চালায়। 

তল্লাশিকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২টি বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, ওয়াগ্গাছড়া জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত ও পাহাড়ি এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার রোধে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ রুটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।