১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

অনলাইন ডেস্কঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৯:১৩ পিএম
শেয়ার করুন:
১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত ১২ দিনে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশের দেওয়া তথ্যমতে, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে এবং তালিকাভুক্ত আসামিদের মধ্যে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়, দুটি স্থাপনায় ককটেল নিক্ষেপ করা হয় এবং ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের আরও একটি গাড়ি। 

সহিংসতা ও নাশকতার সাথে সম্পৃক্ততার অভিযোগে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতাসহ সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার পেছনে বিদেশ থেকে অনলাইনে নির্দেশনা দেওয়ার তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। 

তিনি আরও বলেন, “দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার নেপথ্য নির্দেশদাতাদের শনাক্তের চেষ্টা চলছে। এ লক্ষ্যে সন্দেহভাজনদের ওপর নিবিড় নজরদারি এবং ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনায় এসব সহিংসতা চালানো হচ্ছে। ইতোমধ্যে গানপাউডার ও বিস্ফোরকসহ বেশ কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকসামগ্রীর উৎস অনুসন্ধান এবং পরিকল্পনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সার্বিক পরিস্থিতিতে এবং পরবর্তী কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।