দেশে সারের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮ পিএম
শেয়ার করুন:
দেশে সারের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও একটি অসাধু চক্রের অবৈধ মজুতের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশে সারের কোনো ঘাটতি নেই। তবে কিছু সুযোগসন্ধানী মানুষ সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শনিবার সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষকদের অধিকার রক্ষা ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কৃষকের অর্থনৈতিক ভিত মজবুত হলে দেশও শক্তিশালী হবে। কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে।” পেঁয়াজ উৎপাদন ও মজুত প্রসঙ্গে তিনি জানান, দেশে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। ফলে এ বছর বাইরে থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফরসূচি সম্পর্কে মন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী পরশুরামের মুহুরি নদীর দেড় হাজার কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন। এরপর তিনি স্থানীয় সড়কে এবং মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে তিনি শ্রীপুরে নানার বাড়িতে যাবেন এবং স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরবর্তীতে ফুলগাজী ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় শেষে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।