কর্ণফুলীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি: হাতিয়ার ২ জেলে নিখোঁজ, জীবিত উদ্ধার ১

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৬:২৫ পিএম
শেয়ার করুন:
কর্ণফুলীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি: হাতিয়ার ২ জেলে নিখোঁজ, জীবিত উদ্ধার ১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার ট্রলার (লালবোট) ডুবে গেছে। এতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুই জেলে নিখোঁজ হয়েছেন। তবে ট্রলারে থাকা কামাল উদ্দিন নামের অপর এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত চারটার দিকে কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন—হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার জন্য একটি নতুন বোট কিনতে পাঁচ দিন আগে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান ওই তিন জেলে। কেনাকাটা শেষে রোববার রাতে বোটটি নিয়ে তারা হাতিয়ার উদ্দেশে রওনা দেন। পথে আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নদীর তীব্র স্রোতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তেই ডুবে যায়।

দুর্ঘটনার সময় কামাল উদ্দিন নামের জেলেটি কার্গো জাহাজের নোঙরের শিকল ধরে ঝুলে আত্মরক্ষা করেন। পরে জাহাজের নাবিকরা তাকে টেনে তোলেন। তবে বোটের সঙ্গে থাকা অপর দুই জেলে মিরাজ ও শরীফ নদীতে তলিয়ে যান। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, ঘটনাটি কর্ণফুলী নদী এলাকায় ঘটেছে। নিখোঁজ জেলেদের সন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।