বালু নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৪:২৫ পিএম
শেয়ার করুন:
বালু নিয়ে বিরোধে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে বালু ব্যবসা নিয়ে পূর্ববিরোধের জেরে মো. ইউসুফ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি একজন ইসলামী সংগীতশিল্পী হিসেবেও তাঁর পরিচিতি ছিল। তবে সম্প্রতি জীবিকার তাগিদে তিনি মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালু ব্যবসা নিয়ে ‘ফারিহা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের লোকজনের সঙ্গে ইউসুফের পূর্ববিরোধ চলছিল। এই বিরোধের জেরে কালাম আজাদ তাঁকে আমজাদের বাজার এলাকায় যাতায়াত করতে নিষেধ করেছিলেন। সোমবার ইউসুফ ওই এলাকায় গেলে কালাম আজাদের নেতৃত্বে তাঁর গাড়িচালকেরা ইউসুফকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা সাইফুল ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, “ইউসুফ অত্যন্ত সহজ-সরল মানুষ ও একজন সংগীতশিল্পী ছিল। তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হবে, তা আমরা কল্পনাও করিনি। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, “গাড়িচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। এর সঙ্গে কোনো দলীয় বিষয় জড়িত নেই। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।