পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৭ অক্টোবর, ২০২৬ ১১:৪২ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের সঞ্চালনায় সভার শুরুতে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও প্রয়োজনীয় চাহিদার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলো শোনেন এবং তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।" এ সময় তিনি সদস্যদের নিয়মিত ছুটি মঞ্জুর, উন্নত আবাসন ব্যবস্থা, ব্যারাকের পরিচ্ছন্নতা, মানসম্মত চিকিৎসাসেবা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে জোর দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের তাগিদ দেন তিনি। একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান। 

কল্যাণ সভার শেষভাগে কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

পরবর্তীতে দুপুর ২টায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্ববর্তী মাসের মামলার অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত হয় "অপরাধ পর্যালোচনা সভা"। এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত ও সার্বিক অপরাধ পরিস্থিতির বিশদ চিত্র তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইনচার্জ এবং কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।