চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অসচ্ছল মানুষকে কর্মসংস্থানের পুঁজি ও সহায়তা প্রদান

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০৬ পিএম
শেয়ার করুন:
চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অসচ্ছল মানুষকে কর্মসংস্থানের পুঁজি ও সহায়তা প্রদান

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছল মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসংস্থানের পুঁজি ও উপকরণ সহায়তা দিয়েছে ‘হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন’। 

বুধবার (২৮ অক্টোবর) দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দরবারের গদীনশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান তিন শতাধিক উপকারভোগীর হাতে এ সহায়তা তুলে দেন। সহায়তার অংশ হিসেবে অসচ্ছল পরিবারগুলোর মাঝে এককালীন নগদ আর্থিক অনুদানের পাশাপাশি গরু, ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক মানুষদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

একই অনুষ্ঠানে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত জলসায়ে ওরছ পাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দরবারের পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি এই বার্ষিক ওরছ অনুষ্ঠিত হবে।

এর আগে ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জলসায়ে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশ থেকেও হাজার হাজার মুরিদ, আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ দরবার শরীফে সমবেত হন।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ-কিয়াম এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত। বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বের সকল মানবজাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।