ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০ জন, চিকিৎসাধীন ৯৯

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১০:৩১ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০ জন, চিকিৎসাধীন ৯৯

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলাজুড়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২১০ জনে। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ হাজার ২২৩ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৮৫৫ জন রোগী চিকিৎসা নিতে তালিকাভুক্ত হয়েছেন। অর্থাৎ, এ দুই হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৭৮ জন। 

বর্তমানে জেলা সদরের এ দুটি হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং জেনারেল হাসপাতালে ২৯ জন ভর্তি আছেন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। 

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, শনাক্ত সন্দেহভাজনদের মধ্যে বোয়ালমারী উপজেলায় সর্বোচ্চ ২৮ জন রয়েছেন। এছাড়া সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের দেহে হামের উপসর্গের তথ্য পাওয়া গেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।