নিজস্ব অর্থায়নে জমি বিরোধ মেটালেন এমপি বাবুল: সদরপুরে স্কুলের বহুতল ভবন নির্মাণের পথ সুগম

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৩ এএম
শেয়ার করুন:
নিজস্ব অর্থায়নে জমি বিরোধ মেটালেন এমপি বাবুল: সদরপুরে স্কুলের বহুতল ভবন নির্মাণের পথ সুগম

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পাঁচতলা ভবন নির্মাণে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাজারমূল্যের দ্বিগুণ অর্থ পরিশোধ করে এই জটিলতা নিরসন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে মাত্র একটি একতলা ভবনে পাঠদানসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালাতে গিয়ে মারাত্মক জায়গাসংকট দেখা দেয়। শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে বিদ্যালয়টিতে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে জমিসংক্রান্ত বিরোধ ও আদালতের নিষেধাজ্ঞার কারণে বহুল প্রতীক্ষিত এই নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।

বিষয়টি নজরে আসার পর সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও জমির মূল মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে তিনি নিজস্ব তহবিল থেকে জমির বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় সংসদ সদস্যের বাসভবনে জমির মালিকদের দাবিকৃত অর্থ পরিশোধ করা হয়। এ সময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনি বাজারমূল্যের চেয়েও দ্বিগুণ অর্থ প্রদান করেন। একই সঙ্গে জমিটি দ্রুত বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে দেওয়া এবং আদালতে চলমান মামলাটি প্রত্যাহারের নির্দেশনামূলক অনুরোধ জানানো হয়। জমির মালিকপক্ষও এতে সম্মতি জানান।

সাংসদের এই শিক্ষাবান্ধব উদ্যোগের ফলে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের সব আইনি ও স্থানিক বাধা দূর হলো। দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত ও আন্তরিক পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।