মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি অসুস্থ যাত্রী, স্ট্রোকে মৃত্যু

অনলাইন ডেস্কঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৫:২৯ পিএম
শেয়ার করুন:
মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি অসুস্থ যাত্রী, স্ট্রোকে মৃত্যু

রাজধানীর মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক বয়স্ক যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অসুস্থ বোধ করার পর সহযাত্রীদের কাছে বারবার বসার জায়গা চেয়েও তিনি কোনো আসন পাননি। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

গত ২৪ অক্টোবর (দুপুরে) ঘটনাটি ঘটলেও মঙ্গলবার (২৭ অক্টোবর) মৃত ব্যক্তির ছেলে নাকিবুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন।

ফেসবুক পোস্টে নাকিবুর রহমান জানান, তাঁর বাবা শাহবাগ থেকে মেট্রোরেলে চড়ে উত্তরা ফিরছিলেন। ট্রেনটি শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ বোধ করতে থাকেন। এ সময় তিনি আশপাশের যাত্রীদের কাছে একটু বসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু কেউই তাঁকে জায়গা ছেড়ে দেননি।

বাবার মৃত্যুর বর্ণনা দিয়ে তিনি লেখেন, “আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই স্ট্রোক করে নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাঁর মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন, কিন্তু সন্তান হিসেবে এই নির্মম বাস্তবতা মেনে নেওয়া ভীষণ কষ্টকর।”

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নির্দিষ্ট কাউকে দায়ী না করে সহযাত্রীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন নাকিবুর। তিনি লেখেন, “আমার কারও ওপর কোনো রাগ বা অভিমান নেই। সবাইকে শুধু এই অনুরোধ করব—চলাফেরার পথে বয়স্ক বা জ্যেষ্ঠ নাগরিকদের যেখানেই দেখবেন, তাঁদের প্রতি একটু বন্ধুবৎসল ও সহানুভূতিশীল আচরণ করুন। আজ আপনি যাকে উপেক্ষা করলেন, তিনি আপনার বাবা না হলেও অন্য কারও বাবা।”

ঘটনাটি নিয়ে অযথা কাউকে দোষারোপ বা মেট্রোরেল কর্তৃপক্ষকে নিয়ে বিতর্ক সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “চলাফেরার সময় আমাদের চারপাশের মানুষদের স্বস্তির বিষয়টি খেয়াল রাখাই সর্বোত্তম মানবিকতা।” পরিশেষে তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।