প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ৭:২১ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগ দিচ্ছেন ‘আম জনতা দল’-এর সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটে তাদের জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।"

চার দিনের সরকারি সফর  
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর এই সফরে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি দল।

সফরের গুরুত্ব ও কর্মসূচি  
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে মেট্রোরেলসহ চলমান বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, জাপানের আধুনিক শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।