সদরপুরে ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৫ পিএম
শেয়ার করুন:
সদরপুরে ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে একটি ভাড়া বাসা থেকে মোসা. মীম আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মীম আক্তার একই ইউনিয়নের দশ হাজার গ্রামের জামাল শিকদারের মেয়ে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীমের মা শিল্পী আক্তার জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং মেয়েকে নিয়ে পূর্ব শ্যামপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। রবিবার সকালে মেয়েকে একাকী বাসায় রেখে তিনি কাজে বের হন। দুপুরে কাজ শেষে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। 

পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, "মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।