দুই মাসের মধ্যে সর্বনিম্ন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
৫ নভেম্বর, ২০২৬ ৫:১৯ পিএম
শেয়ার করুন:
দুই মাসের মধ্যে সর্বনিম্ন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের সার্বিক কল্যাণের স্বার্থে আগামী এক থেকে দুই মাসের মধ্যে তাঁদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে কোনোভাবেই শিল্পকারখানার ক্ষতি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাগেরহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টি বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ নিয়ে সরকার পুরোদমে কাজ করছে। আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই শ্রমিকদের জন্য একটি যৌক্তিক সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা সম্ভব হবে।"

শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সতর্কবার্তা দেন। তিনি অভিযোগ করে বলেন, "শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি পক্ষ দেশে কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত।"

তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্রকারীর মূল লক্ষ্য হচ্ছে জাতীয় সম্পদ ধ্বংস করা এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করা। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না এবং দেশের স্বার্থ রক্ষায় সব অপতৎপরতা শক্ত হাতে দমন করা হবে।

বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ শিল্পোন্নত দেশে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনে শিল্পমালিক ও শ্রমিক—উভয় পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্ত অপরিহার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।