ফরিদপুরে নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’ কর্মসূচির যাত্রা শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ নভেম্বর, ২০২৬ ১:১৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’ কর্মসূচির যাত্রা শুরু

নিরাপদ ও বৈধ অভিবাসনে উৎসাহিত করা এবং ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে ‘সিনেমাআরেনা’ (CinemArena) কর্মসূচির সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুষ্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 

সভায় বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাবে অনেকেই দালালের খপ্পরে পড়ে অনিয়মিত বা অবৈধ পথে পা বাড়াচ্ছেন। এতে মানুষ চরম প্রতারণা, আর্থিক ক্ষতি ও মানবপাচারের মতো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। তাই বিদেশযাত্রার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই এবং সরকারি নিয়ম মেনে বৈধ পথে যাওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা আরও জোর দিয়ে বলেন, বিদেশে যাওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরে সৃষ্টি হওয়া নতুন নতুন কর্মসংস্থান ও আত্মউন্নয়নের সুযোগ সম্পর্কেও তরুণ সমাজকে সম্যক ধারণা দিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণ সমাজ ও বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের সচেতন করা হবে। বিশেষ করে অবৈধ পথের ঝুঁকি, মানবপাচার প্রতিরোধ এবং দালালদের অপতৎপরতা রুখতে নানা সচেতনতামূলক কনটেন্ট তুলে ধরা হবে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে এবং সঠিক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবে; যা অনিয়মিত অভিবাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস, যশোর রাইটসের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ কুমার দত্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, প্রোগ্রাম অফিসার মোতাহারুল ইসলাম, ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম মইনুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা ষষ্ঠী পদ রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।