লামায় সরকারের উন্নয়ন ও জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
৪ নভেম্বর, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন:
লামায় সরকারের উন্নয়ন ও জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানের লামায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নুর খান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, "একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা অপরিহার্য। পরিবারে ছেলে ও মেয়ে সন্তানের মাঝে কোনো ধরনের ভেদাভেদ রাখা যাবে না এবং বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং সঠিক তথ্যের বিকল্প নেই। 

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ, মাদক নির্মূল, মানব পাচার, ইভটিজিং, ধর্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সামাজিক মূল্যবোধ চর্চা এবং সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় নাগরিক সেবা যাতে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও নির্বিঘ্নে পেতে পারেন, সে জন্য গ্রাম পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করছে। সেবা নিতে গিয়ে কেউ ভোগান্তির শিকার হলে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদকে জানানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল সরকারের বিভিন্ন স্বাস্থ্য ও আইনি সুবিধার কথা তুলে ধরে বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার জন্য এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে পাঁচ লাখ এবং গুরুতর আহত ব্যক্তিকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, যার জন্য দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। 

তিনি আরও জানান, নির্যাতনের শিকার নারী ও দরিদ্র ব্যক্তিরা সরকারি খরচে 'লিগ্যাল এইড'-এর মাধ্যমে আইনি সহায়তা পেতে পারেন। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার জন্য উপস্থিত মায়েদের প্রতি আহ্বান জানান।

উক্ত সমাবেশে স্থানীয় নারী জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।