এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, পাহাড়ে সন্ত্রাস দমন, জননিরাপত্তা রক্ষা এবং মানবিক সেবায় পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত জোনটির আওতাধীন এলাকায় ধারাবাহিক অভিযান ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে রাখা হয়েছে, তেমনি স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি।
সম্প্রতি বলিপাড়া জোন (৩৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর সামগ্রিক আভিযানিক সাফল্য, মানবিক কর্মকাণ্ড এবং সম্প্রীতি উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
সন্ত্রাস ও অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য
ব্রিফিংয়ে জানানো হয়, বলিপাড়া জোনের চৌকস ও দূরদর্শী অভিযানের ফলে থানচি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে যেখানে বিভিন্ন খাত থেকে প্রায় ২৭ কোটি টাকা চাঁদা আদায় হয়েছিল, জোনের কঠোর নজরদারির ফলে তা কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় নেমে এসেছে—যা পূর্বের তুলনায় প্রায় ৩৭.৩৭ শতাংশ কম।
উল্লেখযোগ্য আভিযানিক কার্যক্রম:
অপহৃত শিক্ষক ও বেসামরিক ব্যক্তি উদ্ধার: গত ৯ সেপ্টেম্বর নাইদারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন সশস্ত্র জেএসএস সদস্য কর্তৃক অপহৃত প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৫৭) সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের চাপে পরদিনই অক্ষত অবস্থায় ছাড়তে বাধ্য হয় অপহরণকারীরা। এর আগে ২২ মে বিদ্যামনি পাড়ায় অভিযান চালিয়ে অপহৃত মোঃ আমু হোসেনকে সুস্থভাবে উদ্ধারসহ অপহরণকারী মাংলে থ্রোইকে নগদ ৩ লাখ টাকা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।
সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার: ১৭ জুলাই থানচি-নীলগিরি সড়কের বাগানপাড়া এলাকায় আমবোঝাই ট্রাকে চাঁদাবাজির সময় জেএসএস-এর সক্রিয় সশস্ত্র সদস্য সূর্য সেন চাকমাকে হাতেনাতে গ্রেপ্তার করে বিজিবি। এছাড়া ১৫ জুলাই জীবননগর পাহাড় এলাকা থেকে ছিনতাই হওয়া একটি পর্যটকবাহী 'চাঁদের গাড়ি' অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
বিস্ফোরক ও অস্ত্র জব্দ: গত ১০ জুন স্পটহাইট এলাকা থেকে ২ জন আসামিসহ ১টি গ্রেনেড ও ৬ রাউন্ড গোলাবারুদ এবং ১৫ জুন ইয়াংরাই বিজিবি ক্যাম্পের আওতাধীন পেনেডং পাড়ার একটি জুমঘর থেকে ৫টি গ্রেনেড ও ২টি অ্যান্টি-পার্সোনাল আইইডি/মাইন উদ্ধার করে নিরাপত্তা ঝুঁকি নস্যাৎ করা হয়।
সীমান্ত অনুপ্রবেশ রোধ ও বিদেশি মুদ্রা জব্দ: গত ১৬ জুলাই বংকুপাড়া বিওপির চেকপোস্টে অবৈধ অনুপ্রবেশকারী ২ জন মিয়ানমার নাগরিককে (তরুণী) ১ সহযোগীসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ৮৮ হাজার ৬০০ মিয়ানমার কিয়াট, ২৪ হাজার ৬১০ বাংলাদেশি টাকা ও মিয়ানমারের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও উত্তেজনা প্রশমন: গত ২৪ মে থানচিতে এক শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করলে বিজিবি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এছাড়া ২০ মে আরাকান আর্মিতে যোগদানের উদ্দেশ্যে গমনেচ্ছু ২ যুবকসহ অপহরণকারীকে আটক এবং ১৩–১৫ এপ্রিল রেমাগ্রি এলাকায় বৈসাবি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে বিজিবি।
পর্যটক উদ্ধার ও মানবিক তৎপরতা
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের বিপদে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সুরক্ষায় বলিপাড়া জোন সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে:
পর্যটক উদ্ধার: গত ১২ জুলাই আমিয়াখুমে পাহাড়ি ঢলে আটকে পড়া ৪ জন পর্যটককে থুইসাপাড়া থেকে নিরাপদে উদ্ধার করে বিজিবি। ২৪ জুলাই সাঙ্গু নদীর বড়পাথর এলাকায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় তীব্র স্রোত উপেক্ষা করে ৪ পর্যটক, মাঝি ও গাইডসহ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
দুর্ঘটনা মোকাবিলা ও প্রাথমিক সেবা: ৫ অক্টোবর ডিমপাহাড় এলাকায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ার ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত ৫ জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বিজিবি। এছাড়া দুর্গম বাঘের লাংলাক ঝর্ণায় অসুস্থ হয়ে পড়া ঢাকার এক পর্যটককে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ড নির্বাপণ: গত ১৬ সেপ্টেম্বর ভোরে বলিবাজারে গ্যাস লিকেজ থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড বিজিবির সময়োচিত হস্তক্ষেপে দ্রুত নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাজারটি।
সম্প্রীতি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড
সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও ব্যাপক কাজ করছে ৩৮ বিজিবি:
শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা: দুর্গম অঞ্চলের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৫ জন দরিদ্র শিক্ষার্থীর ভর্তি, বই-খাতা ক্রয় ও শিক্ষাবৃত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৬টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৫৬ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা এবং জোন সদরের এমআই রুমের মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত স্থানীয়দের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
পুনর্বাসন ও সামাজিক সহায়তা: বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, ৩৫০ জন শীতার্তকে কম্বল প্রদান এবং স্থানীয় দুস্থ বাসিন্দাদের নতুন ঘর নির্মাণ ও বিয়েতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ: যুব সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ, বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা এবং স্থানীয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব (বৈসাবি, বিজু, সাংগ্রাই ও বড়দিন) পালনে বাদ্যযন্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রেস ব্রিফিংয়ের সমাপ্তিতে বিজিবির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে চোরাচালান ও অস্ত্র প্রতিরোধ এবং পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের পেশাদারিত্ব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।