রুমায় জুমে তিলের বাম্পার ফলন: মুখে হাসি চাষিদের, ঘরে তোলার প্রস্তুতি

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন:
রুমায় জুমে তিলের বাম্পার ফলন: মুখে হাসি চাষিদের, ঘরে তোলার প্রস্তুতি

বান্দরবানের রুমায় পাহাড়ের জুমে এবার তিলের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন পাওয়ায় চাষিদের মুখে এখন আনন্দের হাসি। বর্তমানে পাহাড়জুড়ে চলছে তিল সংগ্রহের তোড়জোড়। জুমের তিল গাছের ডাল কেটে রোদে শুকাতে আঁটি (স্থানীয় ভাষায় ‘বোঁধা’) বাঁধতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এভাবে সপ্তাহখানেক শুকানোর পর মাড়াই করে তিল ঘরে তোলা হবে। 

স্থানীয় চাষিরা জানান, গত বছরও জুমে তিল গাছের বৃদ্ধি ভালো ছিল। তবে ফলন তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়। ফলে তিলের মান নষ্ট হয়ে যাওয়ায় মণপ্রতি মাত্র চার হাজার টাকায় বিক্রি করতে হয়েছিল। 

রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়ার জুমচাষি মেলান মার্মা বলেন, "এবার এখনো পর্যন্ত ভারী কোনো বৃষ্টি হয়নি। ফলে তিলের ফলন নষ্ট হওয়ার ঝুঁকি কম। আশা করছি এবার ভালো ফলন ঘরে তুলতে পারব এবং বাজারে ভালো দামও পাওয়া যাবে।"

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি খরিফ মৌসুমে রুমার পাহাড়ে প্রায় ৬০০টি পরিবার জুম চাষের সঙ্গে যুক্ত। তারা জুমের প্রধান ফসল ধানের পাশাপাশি মারফা, ভুট্টা, চালকুমড়া, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির সঙ্গে সাথি ফসল হিসেবে তিল চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার অন্যান্য বছরের তুলনায় তিলের উৎপাদন বেশ ভালো হয়েছে।

রুমা উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুল হক জানান, কৃষকেরা বর্তমানে জুমে উৎপাদিত তিল কেটে আঁটি বেঁধে শুকাতে দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে ভারী কোনো বৃষ্টি না হলে এই তিল চাষিদের জন্য বড় প্রাপ্তি বয়ে আনবে। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারলে বিক্রি করে কৃষকেরা বেশ লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে রুমা বাজারে তিল কেনাবেচার প্রস্তুতি শুরু করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমানসহ স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীরা জানান, বাজারে বর্তমানে সাদা তিল মণপ্রতি ৪ থেকে ৫ হাজার এবং কালো তিল ৩ থেকে ৪ হাজার টাকায় কেনার প্রস্তুতি চলছে। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ভালো মানের সাদা তিল ইতিমধ্যে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা মণ দরে কেনা শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকলে ভালো মানের কালো তিলও ৫ হাজার টাকা পর্যন্ত উঠবে। তবে হঠাৎ বৃষ্টি হলে তিলের গুণগত মান ও রঙ নষ্ট হয়ে যায়, সে ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে বলে ব্যবসায়ীরা সতর্ক করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।